ফতুল্লায় ইয়াবা, নগদ ৬০ হাজার টাকা ও প্রাইভেট কারসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা এবং একটি প্রাইভেট কারসহ মো. রিফাত ওরফে হৃদয় (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ফতুল্লা মডেল থানাধীন শিবু মার্কেট এলাকার যমুনা ব্যাংকের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রিফাত ওরফে হৃদয় ফতুল্লা থানার সস্তাপুর (আব্দুল করিম স্কুলসংলগ্ন, সাজ্জাদ মিয়ার বাড়ি) এলাকার মৃত শরিফ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শিবু মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় যমুনা ব্যাংকের সামনে থেকে একটি করোলা প্রাইভেট কারসহ রিফাতকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির পিসিপিআর (আসামির পূর্ববর্তী অপরাধের রেকর্ড) যাচাই করে তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *