নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা: কয়েক বছরের স্থবিরতা কাটিয়ে শিক্ষা কার্যক্রমে গতি, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বহুমুখী উদ্যোগ নিয়েছে কুমিল্লার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডি। দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসে কলেজের শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে ৩০টিরও বেশি উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা।
গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য আ.স.ম. আল আমিন দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে কলেজের কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, কলেজটিকে একটি নিয়মতান্ত্রিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।
এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো একাডেমিক ক্যালেন্ডারসম্বলিত ‘পাঠ পরিক্রমা’ প্রণয়ন।
ইংরেজি ভাষার মৌলিক দক্ষতা যাচাইয়ে বেসিক ইংলিশ টেস্ট এবং দুই মাস মেয়াদি বেসিক ইংলিশ কোর্স চালু।
প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনে টিউটোরিয়াল, অর্ধবার্ষিক ও বার্ষিকসহ বছরে চারটি পরীক্ষার ব্যবস্থা।
প্রতি মাসের পাঠপরিকল্পনা তৈরি এবং পরীক্ষার আগে নির্ধারিত কার্যদিবসের মধ্যে সিলেবাস অনুযায়ী পাঠদান সম্পন্নের নির্দেশনা।
প্রতিদিন অন্তত একটি মাল্টিমিডিয়া ক্লাসের সময়সূচি প্রণয়ন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) বিশেষজ্ঞ দলের মাধ্যমে শিক্ষকদের ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ।
উদ্বোধনের পর দীর্ঘ সাত বছর বন্ধ থাকা কলেজের আইসিটি ল্যাব প্রয়োজনীয় মেরামত শেষে পুনরায় চালু করা হয়েছে। শ্রেণিকক্ষের শব্দসংক্রান্ত সমস্যা সমাধানে স্থাপন করা হয়েছে আধুনিক সাউন্ড সিস্টেম। বিজ্ঞানাগার ও লাইব্রেরি আধুনিকায়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি তদারকিতে চালু হয়েছে নোটিফিকেশন সুবিধাসহ ই-অ্যাটেনডেন্স সফটওয়্যার। শিক্ষকদের সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলেজে অবস্থান বাধ্যতামূলক করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়মিত নজরদারির পাশাপাশি কলেজের সভাপতি নিজে প্রতি মাসে চার থেকে পাঁচবার আকস্মিক ক্যাম্পাস পরিদর্শন করছেন।
শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি বাড়াতে প্রত্যেক শিক্ষককে নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীর (নথি অনুযায়ী ২৫ জন) দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনা ও সার্বিক অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন। অভিভাবক সমাবেশ ও মা সমাবেশের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামভিত্তিক শিক্ষার্থীদের খোঁজখবর নিতেও শিক্ষকদের নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়েছে।
শিক্ষার পরিবেশ সুরক্ষিত রাখতে কলেজ চলাকালে অনুমতি ছাড়া বহিরাগতদের প্রবেশ এবং শিক্ষার্থীদের অনুমতি ব্যতীত ক্যাম্পাস ত্যাগ নিষিদ্ধ করা হয়েছে। উপস্থিতি ৭০ শতাংশের নিচে থাকলে এবং টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হলে চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে আয়োজন করা হয়েছে ইনডোর গেমস ও বিতর্ক প্রতিযোগিতা। উপজেলা পর্যায়ের বিতর্কে কলেজের শিক্ষার্থীরা দুইবার বিজয়ী হয়েছে। খেলাধুলায় আগ্রহ বাড়াতে দেওয়া হয়েছে জার্সি ও বুট।
ডিগ্রি চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জনকারী সাতজনকে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে। এইচএসসি ২০২৫ ব্যাচ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট এবং এইচএসসি ২০২৬ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্তদের ক্রেস্ট ও প্রাইজমানি দিয়ে সম্মানিত করা হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীরাও পুরস্কৃত হয়েছেন।
শিক্ষক ও ছাত্রদের জামাতে নামাজ আদায়ের জন্য নামাজঘরের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রীদের জন্য রাখা হয়েছে নামাজের পৃথক ব্যবস্থা; তাঁদের জন্য কমন রুমের উদ্যোগও নেওয়া হয়েছে।
আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠন করা হয়েছে অর্থ, অডিট, ক্রয়, উন্নয়ন, ফি কালেকশন ও সেশন ফি উপকমিটি। প্রাতিষ্ঠানিক কার্যক্রম গতিশীল করতে গঠিত হয়েছে মাল্টিমিডিয়া পরিচালনা, বিজ্ঞানাগার ক্লাস মনিটরিং, আইনশৃঙ্খলা ও আগমন-প্রস্থান, উপস্থিতি মনিটরিং এবং সংস্কৃতি, বিনোদন, খেলাধুলা ও অনুষ্ঠানবিষয়ক কমিটি।
বেতন ও অন্যান্য ফি সংগ্রহ সম্পূর্ণ অনলাইনভিত্তিক করতে জনতা ব্যাংকের ‘জনতা পে’-এর সঙ্গে চুক্তির সিদ্ধান্ত হয়েছে। ডিগ্রি পর্যায়ে বিএসসি ও বিএসএস কোর্স চালুর প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর দুই মাসে কলেজে অভিষেক অনুষ্ঠান, নবীনবরণ ও অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননাসহ চারটি বড় আয়োজন সম্পন্ন হয়েছে। এ সময় দুটি শিক্ষক সভা ও গভর্নিং বডির তিনটি সভাও অনুষ্ঠিত হয়েছে।
এসব কার্যক্রমের বাইরে কলেজের সভাপতি ড. আবুল কালাম আজাদ ব্যক্তিগত অর্থায়নে শিক্ষক, শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। আর্থিকভাবে অসচ্ছল একাধিক শিক্ষার্থীকে বই বিতরণ ও আর্থিক সহায়তা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন মানবিক উদ্যোগেও তিনি সহযোগিতা করেছেন।
কয়েক বছর ধরে এসএসসিতে পাসের হার কমায় কলেজে ভর্তির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। একসময় বছরে যেখানে ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী ভর্তি হতো, এখন তা ১৩০ থেকে ১৫০ জনে নেমে এসেছে।
গ্রামীণ প্রতিষ্ঠান হওয়ায় অনেক অভিভাবকের মধ্যে শিক্ষাসচেতনতার ঘাটতি, শিক্ষার্থীদের পড়াশোনায় অনাগ্রহ এবং উচ্চশিক্ষার প্রতি পর্যাপ্ত আগ্রহ না থাকাও বড় প্রতিবন্ধকতা। মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি শিক্ষার্থীদের মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলছে। কলেজের চারপাশের সড়কগুলোর বেহাল দশায় শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত কষ্টকর ও ব্যয়বহুল হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি ও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ বাড়ানো প্রয়োজন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক মনোনীত হয়ে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের সময় নিজের মধ্যে অনেক আগ্রহ, প্রত্যাশা ও স্বপ্ন কাজ করেছিল বলে জানান আ.স.ম. আল আমিন। বয়সের দিক থেকে গভর্নিং বডির সবচেয়ে কম বয়সী সদস্য হিসেবে দায়িত্ব পাওয়াকে তিনি বিশেষ প্রাপ্তি মনে করেন।
তিনি বলেন, “দুই মাসে কতটুকু করতে পেরেছি, কিংবা সামনে কতটুকু করতে পারব, তা সময়ই বলে দেবে। তবে কলেজের শিক্ষা ও সার্বিক পরিবেশের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”
সভাপতির সহযোগিতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “ড. আবুল কালাম আজাদের মতো একজন সহযোগিতাপরায়ণ ও শিক্ষাবান্ধব সভাপতিকে পাশে পেয়ে আমি সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করি। কলেজের উন্নয়নে যখন যে উদ্যোগ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি, তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন। আমার বিবেচনায়, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের ইতিহাসে তিনি অন্যতম সেরা সভাপতি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।”
সবশেষে শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়ে তিনি আশা প্রকাশ করেন, সবার আন্তরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ উদ্যোগে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ একদিন শিক্ষা, শৃঙ্খলা, সাফল্য ও সুনামে আরও বহুদূর এগিয়ে যাবে।