ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক:

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়ন এবং পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে রাজধানীতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

কর্মসূচির আওতায় রাজধানীর ফার্মগেট থেকে বিজয় সরণি হয়ে কারওয়ান বাজার পর্যন্ত সড়কের দুই পাশ ও মাঝের আইল্যান্ডে লাগানো বিভিন্ন পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ করা হয়। একই সঙ্গে সড়কের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সোহেল, সাংগঠনিক সম্পাদক এস এ খোকনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে নেতাকর্মীরা পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে শুধু নির্দিষ্ট কোনো দিনের কর্মসূচি যথেষ্ট নয়; বরং নিয়মিতভাবে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবেশ রক্ষা ও নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনার প্রত্যয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এ উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *