মোঃআনজার শাহ
কুমিল্লার বরুড়া উপজেলার গুরুত্বপূর্ণ বরুড়া-পয়ালগাছা বাজার সড়ক প্রশস্তকরণ ও যান চলাচল নির্বিঘ্ন করতে সড়কের দুই পাশের অবৈধভাবে দখল করা জায়গায় গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনার মালিকদের নিজ উদ্যোগে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।
সম্প্রতি সড়কটির দুই পাশ পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সড়কের দুই পাশে অবৈধভাবে দখল করে রাখা জায়গা চিহ্নিত করেন এবং সংশ্লিষ্ট দোকানমালিকদের নির্ধারিত সড়কসীমার মধ্যে থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, সড়কের স্বাভাবিক প্রশস্ততা বজায় রাখা, যানজট নিরসন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলমুক্ত করা জরুরি।
দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে অবৈধ দখল ও অপরিকল্পিতভাবে দোকানপাট গড়ে ওঠায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাজার এলাকায় পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি বাড়ছে। সড়ক প্রশস্তকরণ কার্যক্রম বাস্তবায়িত হলে এ দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় জনস্বার্থে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। তাঁদের মতে, সড়ক উন্নয়ন শুধু অবকাঠামোগত পরিবর্তন নয়; বরং নিরাপদ যাতায়াত, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সামগ্রিক যোগাযোগব্যবস্থার উন্নয়নের অন্যতম পূর্বশর্ত।
তবে সড়কটি দখলমুক্ত করার পাশাপাশি উন্নয়নকাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং ভবিষ্যতে পুনরায় অবৈধ দখল প্রতিরোধে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বরুড়া-পয়ালগাছা বাজার সড়ককে দখলমুক্ত ও চলাচল উপযোগী করার প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।