মনিরুল ইসলাম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একতলা ভবনের ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার ভুলবশত স্পর্শ করে চাঁনবানু (৫০) নামে এক নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। অপরদিকে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি সারাতে গিয়ে মো. জহির (৫০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের বারআনি গ্রামের জামানের স্ত্রী চাঁনবানু (৫০) নিজের একতলা ভবনের ছাদে উঠে হাঁটাহাঁটি করার সময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার স্পর্শ করেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অপরদিকে, একই এলাকার ইলেকট্রিক মিস্ত্রি মো. জহির দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ী এলাকায় একটি বিদ্যুৎ লাইনের ত্রুটি সারাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এতে তাঁর মুখমণ্ডল পুড়ে গেছে।
পরে তাঁকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় বলে তাঁর ছেলে আসিফ জানিয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।