মোঃআনজার শাহ
কুমিল্লার বরুড়ায় এ.কে.এম. আবু তাহের ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চান্দিনা ও আদর্শ সদর কুমিল্লা দলের মধ্যকার জমজমাট ফাইনাল ম্যাচ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে খেলার মাঠ পরিদর্শন করেছেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম ও গণপূর্তমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সেলিম মিয়াজী।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি এবং স্থানীয় বিএনপি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মাঠ পরিদর্শনকালে তাঁরা ফাইনাল ম্যাচ আয়োজনের সার্বিক প্রস্তুতি, মাঠের পরিবেশ, দর্শকদের উপস্থিতি ও নিরাপত্তাব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। পাশাপাশি একটি সুশৃঙ্খল, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে খেলা সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় আলোচনা করেন।
এ সময় বিএনপি সভাপতি কায়সার আলম সেলিমসহ উপস্থিত নেতৃবৃন্দ টুর্নামেন্টের সফল আয়োজন এবং খেলোয়াড় ও দর্শকদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ফাইনাল ম্যাচকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন আয়োজক ও স্থানীয় ক্রীড়ানুরাগীরা।
খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় পর্যায়ে সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের প্রত্যাশা, এ.কে.এম. আবু তাহের ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বরুড়ার ক্রীড়াঙ্গনে স্মরণীয় এক আয়োজন হিসেবে স্থান করে নেবে।