পতেঙ্গায় সাইকেল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

কামরুল ইসলাম:

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাইকেল চুরির অভিযোগে মোবারক ইসলাম (২২) নামে এক যুবককে জনসম্মুখে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তি ও তাঁর ছেলেদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পতেঙ্গার চরপাড়া এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মোবারক আবদুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির ছেলে। তাঁদের বাড়ি পতেঙ্গার চরপাড়া এলাকায়। মোবারক তাঁর বাবার চায়ের দোকানের কাজে সহযোগিতা করতেন।

পুলিশ জানায়, কয়েক দিন আগে স্থানীয় মোহাম্মদ মুসার (৬৫) ছেলেদের একটি বাইসাইকেল চুরি হয়। ওই চুরির সন্দেহে মোবারককে ডেকে নিয়ে এভারগ্রিন কটন কারখানা-সংলগ্ন মাঠে মারধর করা হয়। পরে নির্মাণসামগ্রী রাখার একটি স্টোরে আটকে আবারও মারধর করা হয়। একপর্যায়ে মোবারক অচেতন হয়ে পড়লে তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক মৃত ঘোষণা করলে মরদেহ আবার মাঠে এনে ফেলে রেখে পালানোর চেষ্টা করেন অভিযুক্তরা।

এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে মুসাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, এ ঘটনায় নিহতের বাবা মুসাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। পলাতক মুসার দুই ছেলেসহ অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সামান্য সাইকেল চুরির সন্দেহে একজন যুবককে এভাবে পিটিয়ে হত্যার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। আইন নিজের হাতে তুলে নেওয়ার এমন ঘটনা প্রতিরোধে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *