কালিয়াকৈরে জমির সীমানাপ্রাচীর নির্মাণে বাধা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ নারীর

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে পৈতৃক জমিতে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এক নারীকে মারধর, শ্লীলতাহানি, চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ সময় ওই নারীর কোলে থাকা দেড় বছর বয়সী শিশুও পড়ে গিয়ে আহত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী মোছাম্মৎ রত্না আক্তার (৩০)। তিনি কালিয়াকৈর থানাধীন চাতৈলভিটি এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম মোহাম্মদ বুলবুল আহমেদ।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, চাতৈলভিটি মৌজার আরএস খতিয়ান নম্বর-৫৫, এসএ খতিয়ান নম্বর-১১৭ এবং দাগ নম্বর-৪২২-এর মোট ১ হাজার ৬৮০ শতাংশ জমির মধ্যে ৩২ শতাংশ জমির পৈতৃক মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন রত্না আক্তার।

অভিযোগে বলা হয়, গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে নিজের পৈতৃক জমিতে ঘর নির্মাণের উদ্দেশ্যে ইট দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন তিনি। এ সময় প্রতিবেশী নজরুল (৫৭), ছৈয়ম খা (৬৫), আমছের আলী (৬০), মান্না (৪৫) ও নজরুল (৩৫) সেখানে অনধিকার প্রবেশ করে নির্মাণকাজে বাধা দেন এবং সীমানাপ্রাচীর ভাঙচুর করেন বলে অভিযোগ করেন তিনি।

পরে ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। প্রতিবাদ করলে তাঁকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন রত্না আক্তার।

এ সময় তাঁর কোলে থাকা এক বছর সাত মাস বয়সী মেয়ে মুন্তাহা মাটিতে পড়ে গুরুতর আহত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে মারধরের জন্য এগিয়ে এলে তিনি দৌড়ে আত্মরক্ষা করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে অবশেষে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিযোগকারী রত্না আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *