মোঃ আনজার শাহ
পরিকল্পিত ও আধুনিক নগরীর স্বপ্ন বুকে নিয়ে নতুন পথচলার দ্বার খুলল উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার সামনে। জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি কণ্ঠভোটে গৃহীত হলে বিলটি পাস হয়।
বগুড়া ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠার বিধান রেখে বিলটি প্রণয়ন করা হয়েছে।
বিলের মূল উদ্দেশ্য বগুড়া ও পার্শ্ববর্তী এলাকার ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ রোধ এবং দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং নাগরিকদের জন্য উন্নত জীবনযাপনের উপযোগী পরিবেশ গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য।
গত ৯ নভেম্বর বিলটি সংসদে উত্থাপন করা হয়েছিল। এরপর অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও সুপারিশসহ প্রতিবেদন উপস্থাপনের জন্য তা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি তার তৃতীয় বৈঠকে বিলের বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন পেশ করে।
উল্লেখ্য, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষসহ দেশে বিদ্যমান উন্নয়ন কর্তৃপক্ষগুলোর ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হবে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই শহরের পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আশা করা হচ্ছে, কর্তৃপক্ষটি প্রতিষ্ঠিত হলে বগুড়া ও এর সন্নিহিত এলাকার দীর্ঘমেয়াদি পরিকল্পিত উন্নয়ন, আধুনিক নগর ব্যবস্থাপনা ও নাগরিক জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।