ফরিদগঞ্জে জমির অভাবে আটকে আছে নতুন বিদ্যুৎ সাবস্টেশন স্থাপন

মনির হোসেন মিজি:

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়াতে নতুন সাবস্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও জমির অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। ৪৫ শতাংশ জমি কেনার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েও উপযুক্ত জমি সংগ্রহ করতে পারেনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল অফিস। ফলে পুরোনো বিদ্যুৎ লাইন, অতিরিক্ত লোড এবং চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহের কারণে উপজেলার প্রায় ১ লাখ ১০ হাজার গ্রাহককে নিয়মিত ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিশেষ করে ঘন ঘন লোডশেডিং, দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকা, বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ এবং সরবরাহ ব্যবস্থার নানা সীমাবদ্ধতায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ গ্রাহকদের দৈনন্দিন কার্যক্রমেও এর প্রভাব পড়ছে। পরিস্থিতির উন্নয়নে নতুন সাবস্টেশন স্থাপনকে জরুরি বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাহকেরা। এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নতুন সাবস্টেশন স্থাপনের জন্য উপযুক্ত জমির মালিকদের সহযোগিতা চেয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯১৮ সালের ৭ অক্টোবর ফরিদগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮২ সালে এটি উপজেলায় উন্নীত হয়। ২৩১ দশমিক ৫৬ বর্গকিলোমিটার আয়তনের এ উপজেলায় রয়েছে একটি প্রথম শ্রেণির পৌরসভা ও ১৫টি ইউনিয়ন। কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ এ উপজেলার বিদ্যুৎ চাহিদা দিন দিন বাড়ছে।

উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির মোট গ্রাহকসংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার ৫০০। এসব গ্রাহক দুটি সাবস্টেশনের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। এর মধ্যে উপজেলার উত্তরাঞ্চলের প্রায় ৬০ হাজার গ্রাহক কামতা সাবস্টেশনের আওতাধীন। ওই এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি তুলনামূলক ভালো বলে জানা গেছে।

অন্যদিকে, ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতায় রয়েছেন প্রায় ১ লাখ ১০ হাজার গ্রাহক। বিপুলসংখ্যক এসব গ্রাহককে মাত্র ১০টি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দীর্ঘদিনের পুরোনো মেইন লাইনগুলো অতিরিক্ত লোড বহন করতে না পারায় প্রায়ই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। কোথাও লাইনে ত্রুটি দেখা দিলে কিংবা কোনো যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এতে একদিকে গ্রাহকদের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে বিদ্যুৎ বিভাগের মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমেও চাপ সৃষ্টি হচ্ছে।

জোনাল অফিস সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ এলাকায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২৩ থেকে ২৫ মেগাওয়াট। কিন্তু এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১৪ থেকে ১৭ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। ফলে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। এ ছাড়া ফিডারগুলোর আওতাধীন এলাকা বিস্তৃত হওয়ায় কোনো একটি স্থানে ছোটখাটো ত্রুটি দেখা দিলেও তা শনাক্ত ও মেরামত করতে সময় বেশি লাগছে।

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার পাশাপাশি জনবল ও যানবাহন সংকটও রয়েছে ফরিদগঞ্জ জোনাল অফিসে। অফিসটিতে প্রয়োজনের তুলনায় ১০ থেকে ১২ জন জনবলের ঘাটতি রয়েছে। পর্যাপ্ত যানবাহন না থাকায় মাঠপর্যায়ে বিদ্যুৎ লাইন পরিদর্শন, ত্রুটি শনাক্ত এবং জরুরি মেরামত কার্যক্রম পরিচালনাও কঠিন হয়ে পড়েছে। ফলে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ পাওয়ার পর দ্রুত সেবা দেওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট কর্মীদের।

স্থানীয় গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সমস্যার কথা জানিয়ে আসলেও স্থায়ী কোনো সমাধান মিলছে না। ফরিদগঞ্জের গাব্দেরগাঁও গ্রামের গ্রাহক আলাউদ্দিন আল আজাদ ও মিজানুর রহমানসহ স্থানীয় কয়েকজন জানান, তাঁদের এলাকায় প্রায়ই বিদ্যুৎ চলে যায়। কখনো দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুৎ বিলের পরিমাণ নিয়েও তাঁদের মধ্যে অসন্তোষ রয়েছে। এসব সমস্যার কারণে সাধারণ গ্রাহকদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।

কলেজশিক্ষার্থী রিয়াদ হোসেন ও মো. আরাফাত বলেন, নিয়মিত লোডশেডিংয়ের কারণে তাঁদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। বিশেষ করে পরীক্ষার প্রস্তুতি ও রাতে পড়াশোনার সময় বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়তে হয়। বিদ্যুতের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করার দাবিতে তাঁরা মানববন্ধনও করেছেন। তবে এখন পর্যন্ত সমস্যার কার্যকর সমাধান হয়নি। তাঁদের মতে, এলাকায় নতুন একটি সাবস্টেশন স্থাপন করা হলে বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ কমবে এবং গ্রাহকদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।

কমলকান্দি গ্রামের গৃহবধূ ফাতেমা বেগম জানান, গত মাসে তাঁর বিদ্যুৎ বিল অতিরিক্ত আসায় বিষয়টি সংশোধনের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে যান। কিন্তু সেখানে গিয়ে বিদ্যুৎ না থাকায় তাঁকে ভোগান্তিতে পড়তে হয়। তাঁর অভিযোগ, সাধারণ গ্রাহকেরা বিদ্যুৎ বিলসংক্রান্ত সমস্যা নিয়ে অফিসে গেলেও অনেক সময় প্রত্যাশিত সেবা পান না।

বড়ালী গ্রামের বাসিন্দা মনিরুল হক ও রিপন মিয়া বলেন, লোডশেডিং, অতিরিক্ত বিদ্যুৎ বিলসহ বিভিন্ন সমস্যা নিয়ে তাঁরা মানববন্ধন করেছেন। তাঁদের ধারণা, প্রয়োজনীয় সাবস্টেশন না থাকায় ফিডারের বিদ্যুৎ লাইন দীর্ঘ হয়েছে। দীর্ঘ লাইনের কারণে বিদ্যুৎ সরবরাহে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এসব সমস্যার স্থায়ী সমাধানে পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, তাঁদের এলাকায় কখনো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎনির্ভর ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যেসব ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুতের ওপর নির্ভরশীল, সেসব প্রতিষ্ঠানের মালিকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তিনি মনে করেন, নতুন সাবস্টেশন স্থাপন করা হলে এ অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

ফরিদগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁন বলেন, পৌরসভার কয়েকটি ওয়ার্ডে নিয়মিত বিদ্যুৎ পাওয়া যায় না। এ নিয়ে নাগরিকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন। সমস্যা সমাধানে তিনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় সাবস্টেশন না থাকায় বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোবারক হোসেন সরকার বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহে কোনো সংকট না থাকলে প্রাপ্ত বিদ্যুৎ দিয়ে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হতো। কিন্তু বর্তমানে ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতায় একটি মাত্র সাবস্টেশন থেকে ১০টি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিপুলসংখ্যক গ্রাহকের চাহিদা পূরণে এই ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন একটি সাবস্টেশন স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ জন্য ৪৫ শতাংশ জমি প্রয়োজন। কিন্তু উপযুক্ত স্থানে জমি পাওয়া না যাওয়ায় প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। রূপসা উত্তর ইউনিয়নের আওতাধীন এলাকায় নতুন সাবস্টেশন স্থাপন করা গেলে দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার অনেকটাই সমাধান হবে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমবে এবং গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হবে।

জোনাল অফিসের জনবল সংকট ও পুরোনো বিদ্যুৎ লাইনের সমস্যার বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে তাঁরা আশাবাদী।

সব মিলিয়ে ফরিদগঞ্জের বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে নতুন সাবস্টেশন স্থাপন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তবে প্রয়োজনীয় জমি সংগ্রহ করা না গেলে এ উদ্যোগ বাস্তবায়ন অনিশ্চিত থেকে যাবে। তাই এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং প্রায় ১ লাখ ১০ হাজার গ্রাহকের ভোগান্তি কমাতে উপযুক্ত জমির ব্যবস্থা ও দ্রুত প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *