আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন রাজ্যটির গ্রাম ও পঞ্চায়েতমন্ত্রী এবং বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ উদ্যোগে কারও আপত্তি থাকলে তাঁকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। তাঁর এমন মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং এনকাউন্টার নিয়ে কথা বলেন দিলীপ ঘোষ। এ সময় তিনি জানান, অপরাধ দমনে প্রয়োজনে রাজ্যে আরও এনকাউন্টার চালানো হবে। পাশাপাশি বুলডোজার অভিযানও অব্যাহত থাকবে।

এনকাউন্টার নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে দিলীপ ঘোষ বলেন, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এনকাউন্টার হচ্ছে। যাঁদের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সাহস নেই, তাঁরাই এ ধরনের পদক্ষেপ নিতে পারেন না। তাঁরা অপরাধীদের সঙ্গে সমঝোতা করেন। তবে বিজেপি সরকার অপরাধীদের সঙ্গে কোনো ধরনের আপস করবে না।

তবে পশ্চিমবঙ্গের ভাষা, সংস্কৃতি ও আঞ্চলিক পরিচয় নিয়ে প্রশ্নের জবাবে তাঁর মন্তব্য সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে, পশ্চিমবঙ্গের নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক পরিচয় উপেক্ষা করে রাজ্যটিকে উত্তরপ্রদেশের আদলে গড়ে তোলার চেষ্টা চলছে।

এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ হলে আপত্তি ছিল না, উত্তরপ্রদেশ হলে অসুবিধা কোথায়? যাঁদের সমস্যা হচ্ছে, তাঁরা বাংলাদেশে চলে যেতে পারেন। বিনা ভিসায় পাঠিয়ে দেওয়া হবে, দরজা খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ ও গুজরাটের মতো করে গড়ে তোলা হবে। কেউ বাধা দিতে চাইলে তাঁকে চ্যালেঞ্জও জানান তিনি।

দিলীপ ঘোষের এ বক্তব্যের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাঙালি পরিচয়, ভাষা ও আঞ্চলিক সংস্কৃতির প্রশ্নটি আবারও আলোচনায় এসেছে। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বিজেপির বিরুদ্ধে বাংলা ও বাঙালির সাংস্কৃতিক পরিচয় উপেক্ষার অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি। সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই রাজ্যকে উত্তরপ্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার বিষয়ে দিলীপ ঘোষের এই বক্তব্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *