মিরপুর শাহ আলী মাজার গেটে বাউল গানের ক্লাবে অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগ শাকিলাকে খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার:

মিরপুরের হযরত শাহ আলী (রহ.) দরবারের গেটে বাউল গানের আসরে বাউলশিল্পী রত্না সরকারকে মারধর ও জখম করার অভিযোগে শাহ আলী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়েরের পর থেকে শাকিলা নামে এক নারীকে খুঁজছে শাহ আলী থানা পুলিশ বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে শাকিলার নেতৃত্বে বাউল গানের আসরে নানা ধরনের অপরাধ ও অপকর্ম চলে আসছে বলে অভিযোগ করেছেন বাউলশিল্পী রত্না সরকার। এসব বিষয়ে তিনি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিস্তারিত তথ্যে বলা হয়েছে, মিরপুর জোনের শাহ আলী মাজার, দারুসসালাম ও শাহ আলী থানাধীন এলাকায় অনুমোদনহীন ও ভুয়া ১০ থেকে ১২টি বাউল একাডেমি গড়ে উঠেছে। প্রধান অভিযুক্ত শাকিলা (স্বামী: মো. জুয়েল) শাহ আলী মাজারের উত্তর দিকে তিনটি একাডেমি ভাড়া নিয়ে পরিচালনা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব একাডেমির কোনো বৈধ অনুমোদন নেই বলেও দাবি করা হয়েছে।

অভিযোগকারী রত্না সরকার (২৫), পিতা মো. কাঞ্চন মিয়া, স্বামী মো. জুয়েল। তাঁর স্থায়ী ঠিকানা ভোলার লালমোহন থানার চর চাকিনা গ্রাম এবং বর্তমান ঠিকানা মনসুরাবাদ, মিরপুর-১, ঢাকা। তিনি পেশায় একজন বাউলশিল্পী এবং বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জীবিকা নির্বাহ করেন।

লিখিত অভিযোগে রত্না সরকার দাবি করেন, তিনি আগে ওই একাডেমিতে নিয়মিত গান পরিবেশন করতেন। সেখানে গান করতে গেলে শাকিলা তাঁকে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়া এবং গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে একাডেমিতে গান না করাকে কেন্দ্র করে শাকিলা ও তাঁর পাঁচ-ছয়জন সহযোগী মাজার গেট এলাকায় উপস্থিত দর্শকদের সামনে তাঁকে ও তাঁর স্বামীকে টেনেহিঁচড়ে নিয়ে মারধর করেন।

অভিযোগে আরও বলা হয়, পরে তাঁদের একাডেমির ভেতরে দরজা বন্ধ করে তিন-চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও নীলাফোলা জখম হয়। নির্যাতনের একপর্যায়ে শাকিলা তাঁর গলা থেকে পাঁচ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা, ছিঁড়ে নেন এবং ভ্যানিটি ব্যাগে থাকা নগদ ১৮ হাজার ৭০০ টাকা নিয়ে যান বলে অভিযোগ করেন রত্না সরকার।

তিনি আরও দাবি করেন, পরে ভোরবেলা কৌশলে একাডেমি থেকে পালিয়ে জীবন রক্ষা করেন এবং পরদিন সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে চিকিৎসা দেওয়ার পর পুলিশ মামলার একটি রশিদ প্রদান করেন। বর্তমানে অভিযুক্তরা তাঁকে মাজার এলাকায় কিংবা কোনো একাডেমিতে গান গাইতে দেবেন না বলে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও দাবি করা হয়, এসব একাডেমিতে কোহিনুর নামের এক তথাকথিত শিল্পীসহ কয়েকজনকে নিয়ে অশ্লীল পোশাকে নাচগান, মদ ও গাঁজা সেবন এবং টাকা ছিটিয়ে মাতলামি করা হয়। শাকিলা ও তাঁর স্বামী মো. জুয়েল মিথ্যা প্রলোভন দেখিয়ে বিত্তশালী ব্যক্তিদের বাসায় ও একাডেমিতে নিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ-সম্পদ আত্মসাৎ করেন বলেও অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগকারী আরও উল্লেখ করেন, কয়েকদিন আগে শিল্পী নূপুর ও শিল্পী জেসমিন আক্তার নামে দুই নারী শিল্পীকেও একইভাবে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। তাঁরা রাজি না হওয়ায় তাঁদের মারধর করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

প্রতি বৃহস্পতিবার মাজার এলাকার দুই পাশের রাস্তাঘাট বন্ধ করে অশ্লীল অঙ্গভঙ্গিসহ নাচগানের আসর বসানো হয় বলেও অভিযোগ করেছেন রত্না সরকার। এতে সাধারণ মানুষের চলাচল ও যানবাহন চলাচল ব্যাহত হয়। কেউ প্রতিবাদ করলে শাকিলা, তাঁর স্বামী, তিন মেয়ে ও তাঁদের সহযোগীদের মাধ্যমে নির্যাতন চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, শাকিলা ইতিপূর্বে একাধিকবার কারাগারে ছিলেন এবং শাহ আলী থানার সাবেক এক ওসির সময়ে তাঁর কর্মকাণ্ডের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছিলেন। সম্প্রতি ওসি পরিবর্তনের পর স্থানীয় কিছু অসাধু পুলিশ কর্মকর্তাকে আর্থিকভাবে ম্যানেজ করে তিনি আবারও অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগকারীর দাবি। এ কারণে স্থানীয়ভাবে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

অভিযোগকারী এসব কর্মকাণ্ডকে প্রচলিত দণ্ডবিধি ১৮৬০ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। এর আগে থানায় একাধিকবার অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন বলে জানান।

আবেদনে অবৈধ ও ভুয়া একাডেমিগুলো বন্ধ, অভিযুক্ত শাকিলা, মো. জুয়েল ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইন ও নগদ অর্থ উদ্ধার এবং নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন রত্না সরকার।

অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিবি প্রধান, র‌্যাব-৪-এর অধিনায়ক, মিরপুর জোনের উপপুলিশ কমিশনার এবং শাহ আলী ও দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে আবেদনে উল্লেখ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *