আমির হোসেন:
ঝালকাঠির গাবখান নদীপাড়ে দুই হাজার গাছ কাটার পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে মৃত ও হেলে পড়াসহ নদীর পাড়ঘেঁষা ৪৫০টি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভা পরিচালনা করেন বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন ‘ঝালকাঠি গাছপালা নদীনালা রক্ষা আন্দোলন’ ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল হক সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ।
সভায় গাবখান নদীর পাড় রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের চলমান উন্নয়নকাজের জন্য গাছ কাটার সংখ্যা নির্ধারণ নিয়ে আলোচনা হয়।
এর আগে গাবখান বাজার থেকে বারুহার পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় ১ হাজার ৮১৫টি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মৃত ও হেলে পড়াসহ নদীর পাড়ঘেঁষা ৪৫০টি গাছ কাটার বিষয়ে একমত হয়েছে কমিটি। এর আগে কাটা হয়েছিল ১৬০টি গাছ। ফলে নতুন করে চিহ্নিত ৪৫০টিসহ মোট ৬১০টি গাছ কাটা পড়বে। তবে এর আনুপাতিক হারে পাঁচগুণ অর্থাৎ ৩ হাজার ৫০টি গাছ রোপণ করা হবে।
প্রসঙ্গত, গত ১০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে চিঠি লিখে গাছ কাটা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন পরিবেশকর্মী ইসমাঈল মুসাফির। এরপর জেলার পরিবেশকর্মী ও সাংবাদিকরাও তাঁর সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানান। চলমান আন্দোলনের মুখে জেলা প্রশাসক গাছ কাটার কার্যক্রম স্থগিত করেন। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এসএম জিয়াউদ্দিন হায়দার ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ।
পরবর্তী সময়ে পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের নকশা পরিবর্তনের জন্য উচ্চপর্যায়ে চিঠি পাঠায়। পাঁচ মাস পর নতুন নকশা চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, টিআইবির সনাক সভাপতি এবং পরিবেশকর্মীরা গত ২৬ সেপ্টেম্বর সরেজমিনে স্থানটি পরিদর্শন করেন। পরে স্বল্পসংখ্যক গাছ নতুন করে চিহ্নিত করার অনুমতি দেওয়া হয়। সেই অনুযায়ী রোববারের সভায় নতুন করে চিহ্নিত ৪৫০টি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন তাঁর বক্তব্যের শুরুতে ঝালকাঠি গাছপালা নদীনালা রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ইসমাঈল মুসাফিরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইসমাঈল মুসাফিরের লিখিত আবেদন ও নিয়মতান্ত্রিক আন্দোলনের কারণেই অনেক গাছ রক্ষা পাবে। শুরুতে সময়ের স্বল্পতা ও উন্নয়নের স্বার্থে প্রশাসন একভাবে চিন্তা করেছিল। এখন উন্নয়নকাজও হবে, পাশাপাশি পরিবেশের ক্ষতিও কম হবে।
এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এসএম জিয়াউদ্দিন হায়দার, ঝালকাঠি গাছপালা নদীনালা রক্ষা আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদারসহ সব পরিবেশকর্মীকে ধন্যবাদ জানান।