সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি মালামাল জব্দ,১৬ জন আটক

মোঃ মাহমুদুল হাসান:

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) চলতি বছরের প্রথম ১০ মাসে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। এ সময় মাদকসহ বিভিন্ন চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।

গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিচালিত এসব অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি, ১৯টি ককটেল, ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন, ২২৬ কেজি বিড়ির পাতা, ১৬৩ কেজি বিড়ির মসলা এবং ৫ হাজার ২৯৭ প্যাকেট বিড়ি।

জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৮৯ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৩৫ বোতল বিভিন্ন নেশাজাতীয় সিরাপ, ৩ হাজার ৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ১ হাজার ৯৬০ কেজি হেরোইন এবং ১৬১ পিস ইয়াবা ট্যাবলেট।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।’ বিজিবি মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নে ৫৩ বিজিবির প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক, অস্ত্র ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ৫৪ দশমিক ৫ কিলোমিটার। এ বিস্তীর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকদ্রব্য, অস্ত্র, বিস্ফোরক ও বোমা তৈরির উপকরণ পাচার, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে কাজ করছে ব্যাটালিয়নটি। এ ছাড়া জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সার পাচারের মতো অপতৎপরতা রোধেও কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ড্রোন ও সার্চলাইট ব্যবহার করে নজরদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি, পাচারকারী চক্রের সদস্যদের শনাক্তে বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের মাধ্যমে সার্বিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজিবি জানায়, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য প্রচার সীমান্ত নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিজিবি।

বিজিবি আরও জানায়, ‘সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে’—এই প্রত্যয়ে অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সীমান্ত গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের প্রতিটি সদস্য অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে যাচ্ছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *