অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম কাস্টম হাউসে মিথ্যা ঘোষণা দিয়ে নিষিদ্ধ ও উচ্চ শুল্কের পণ্য খালাসের চেষ্টার অভিযোগ উঠেছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলমের বিরুদ্ধে। আমদানিকারকদের সঙ্গে যোগসাজশ করে অনিয়মের মাধ্যমে পণ্য খালাসের অভিযোগে তাঁর প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইসি) তদন্তে।
অভিযোগ রয়েছে, এমএসটি ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক সাইফুল আলমের প্রভাবকে কেন্দ্র করে চট্টগ্রাম কাস্টম হাউসে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। কাস্টমস কমিশনারের বিশেষ প্রটোকল ও ক্ষমতার প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন অনিয়ম করা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি।
মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির অভিযোগ
অনুসন্ধানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, পুরান ঢাকার মৌলভীবাজারের আমদানিকারক প্রতিষ্ঠান কাফ করপোরেশন মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির পর খালাসের দায়িত্ব দেয় এমএসটি ইন্টারন্যাশনালকে। বিল অব এন্ট্রি নম্বর সি-১০৯৮৭৬৬-এর মাধ্যমে কম শুল্কের পণ্যের ঘোষণা দিয়ে চীন ও পাকিস্তান থেকে উচ্চ শুল্কের বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী, ফেস মাস্ক, অ্যান্টি-এজিং জেল, বিএসটিআই নিষিদ্ধ পাকিস্তানের গৌরী ক্রিম, লেজার লাইট এবং দামি গাড়ির যন্ত্রাংশ আমদানির চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
আমদানি নথিতে কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার স্প্রেয়ার মেশিন, টুথপিক ও হিট ট্রান্সফার পেপারের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সিআইসির কায়িক পরীক্ষায় ঘোষণার সঙ্গে পণ্যের বড় ধরনের অমিল পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাড়ে ২২ টন টুথপিকের ঘোষণা থাকলেও পরীক্ষায় পাওয়া যায় মাত্র দেড় টন। বাকি সাড়ে ১৫ টন পণ্যের মধ্যে ছিল বিএসটিআই নিষিদ্ধ পাকিস্তানের গৌরী বিউটি ক্রিম। এ ছাড়া ঘোষণার বাইরে যৌন উত্তেজক ডিলে স্প্রে ও প্রিমিয়াম সানগ্লাসও উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা বলে জানা গেছে।
শুধু কাফ করপোরেশন নয়, এইচ আর এন্টারপ্রাইজ ও নিউ ট্রাস্ট ট্রেডার্স নামের আরও কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে মোটরপার্টস ও ফ্লেক্স ব্যানার আমদানিতেও অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে এনবিআরসংশ্লিষ্ট সূত্র।
কনটেইনারের সিল পরিবর্তনের অভিযোগ
প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত চালানটি সিআইসি লক করলেও তা পরীক্ষা করতে গোয়েন্দাদের তিন মাসের বেশি সময় অপেক্ষা করতে হয়। অভিযোগ রয়েছে, প্রভাবশালী সাইফুল আলমের চালান আটকে দেওয়ার ঘটনায় সিআইসির তৎকালীন মহাপরিচালক আবদুর রকিবকে পদ থেকে সরে যেতে হয়েছিল। তবে এনবিআরের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, কাস্টমসের নজর এড়িয়ে লক করা কনটেইনারের মূল সিল কেটে নিজেদের মতো করে নতুন সিল লাগানোর অভিযোগ উঠেছে সাইফুল আলমের লোকজনের বিরুদ্ধে।
এ ছাড়া ছুটির দিনে কাস্টম হাউসে প্রবেশ করে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার চেয়ারে বসে ফাইলে স্বাক্ষর করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ-সংক্রান্ত তথ্য গণমাধ্যমের হাতে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কমিশনারের বক্তব্য পাওয়া যায়নি
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহা. মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কাস্টমস কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতিকে কমিশনারের পক্ষ থেকে বিশেষ প্রটোকল দেওয়ার কারণে সাধারণ কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পান না। তাঁদের অভিযোগ, এ ধরনের প্রভাব বিস্তারের ফলে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব ফাঁকি ও অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।