গোপালপুরে গ্রামীণ ব্যাংক শাখায় চার পেট্রলবোমা নিক্ষেপ

অনলাইন ডেস্ক:

টাঙ্গাইলের গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাজানপুর শাখা লক্ষ্য করে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ডসহ ভবনের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের শাজানপুর গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

শাখা ব্যবস্থাপক আব্দুল মোতালেব জানান, ২৩ নভেম্বর শাখার কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা বাড়ি চলে যান। রাত আড়াইটার দিকে বিকট শব্দ ও আগুনের আভাস পেয়ে ভবনের ওপরের তলায় থাকা সহকর্মী, পিয়ন ও নৈশপ্রহরী জেগে ওঠেন। এ সময় নৈশপ্রহরী মো. মফিজ উদ্দিন চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ব্যবস্থাপকের ধারণা, ঘটনাস্থলে তিনজনের মতো দুর্বৃত্ত ছিল। তবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজেও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন বলেন, দুর্বৃত্তদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *