আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ জানুয়ারির শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, ওয়াশিংটন চাইলে যেকোনো সময় এই যুদ্ধের অবসান ঘটাতে পারে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক পোস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য জানুয়ারির শেষ ভাগ পর্যন্ত অর্থায়ন রয়েছে যুক্তরাষ্ট্রের। এ সময় কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের সমালোচনা করে ট্রাম্প সতর্ক করেন, যুদ্ধ সীমিত করার জন্য তাঁদের সম্ভাব্য উদ্যোগ যুক্তরাষ্ট্রের অর্জিত বিজয়কে পরাজয়ে পরিণত করতে পারে।
ট্রাম্প বলেন, ‘তারা একটি সম্পূর্ণ বিজয়কে পরাজয়ে পরিণত করবে।’
ইরানের সামরিক সক্ষমতা নিয়েও বড় ধরনের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ভাষ্য, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। দেশটির নেতৃত্বকেও নির্মূল করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে সামরিক অভিযান পরিচালনায় তাঁর প্রশাসনের ক্ষমতা সীমিত হয়ে পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ততদিন পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ রয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা যখন চাইব, তখনই এই যুদ্ধের অবসান ঘটাতে পারি।’
ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর মতে, এমন পরিবর্তন সম্ভব হলেও সেটি তাঁর প্রধান লক্ষ্য নয়। তিনি বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা ঠেকানোই তাঁর মূল উদ্দেশ্য। সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে তিনি কখনো অবস্থান নেননি বলেও দাবি করেন।
সূত্র: আনাদোলু।