স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমের বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরুড়া উপজেলার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজিরুল ইসলাম।
কায়সার আলম সেলিম সাবেক ছাত্রনেতা এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজিরুল ইসলাম বলেন, কায়সার আলম সেলিমের গতকালের বক্তব্য বিকৃত করে যাঁরা গুজব ও অপপ্রচার ছড়াচ্ছেন, তাঁদের কর্মকাণ্ড নিন্দনীয়। এ ধরনের অপতৎপরতার প্রতি তিনি ঘৃণা ও তীব্র প্রতিবাদ জানান।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, যাঁরা দেশের সম্পদ লুটপাট করে বিপুল অর্থ বিদেশে পাচার করে দেশ ছেড়েছেন, তাঁরা বিদেশে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ ধরনের কর্মকাণ্ডকে দেশপ্রেম কিংবা বাক্স্বাধীনতার চর্চা বলা যায় না।
সমালোচনার অধিকার আছে, বিকৃতির নয়:
তাজিরুল ইসলাম বলেন, রাজনৈতিক বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা বা সমালোচনা থাকতেই পারে। কিন্তু কোনো বক্তব্যের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপট আড়াল করে তা বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো কোনোভাবেই দায়িত্বশীল আচরণ নয়।
গুজব ও অপপ্রচার প্রতিরোধে তিনি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ ও বক্তব্য প্রচারের ওপর গুরুত্ব দিয়েছেন।