জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়ার কথা জানালেন অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক:

শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, আইনে সর্বোচ্চ শাস্তির বিধান থাকলে তার ক্ষেত্রে সেটিই চাওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, মামলায় প্রসিকিউশনের পক্ষে ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দি ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আইনে নির্ধারিত সর্বোচ্চ সাজা দেওয়ার আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ।

তিনি আরও বলেন, যুক্তিতর্কের প্রস্তুতির জন্য মামলার সব নথি ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করেছেন। আন্তর্জাতিক অপরাধের বিচারে বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও অন্যান্য দেশের আদালতের নজিরগুলোও যুক্তিতর্কে তুলে ধরা হবে।

ট্রাইব্যুনালের নিরপেক্ষতা, বিচারিক দক্ষতা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবও বিভিন্ন দেশের আদালত ও আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের আলোকে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

রুহুল কুদ্দুস কাজল বলেন, তার যুক্তিতর্ক মূলত আইনভিত্তিক হবে। প্রয়োজনে সাক্ষীদের বক্তব্য ও ঘটনার পারিপার্শ্বিক বিষয়ও তুলে ধরা হবে। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তিতর্ক শেষ করার চেষ্টা করবেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার বিচারকে বিশেষ তাৎপর্যপূর্ণ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, গুম ও পদ্ধতিগতভাবে সংঘটিত অপরাধের বিচার সম্পন্ন হলে তা নতুন নজির হয়ে থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *