খসরু মৃধা:
গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পূবাইল থানার ৪০ নম্বর ওয়ার্ডের ইছালী এলাকার নাজিম উদ্দিন ওরফে নাসিরের ছেলে এনামুল হক (২৪), ইসহাক মোল্লার ছেলে সৌরভ মিয়া (২৮) এবং মৃত গোলাম সোবাহান মিয়ার ছেলে আসাদুল মিয়া (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে ইছালী বাজার থেকে ভাদুন বাজারগামী সড়কের ‘খাওয়া-দাওয়া রেস্টুরেন্ট’-এর সামনে নির্মাণাধীন রাস্তা থেকে ওই তিনজনকে আটক করা হয়।
পরে তাঁদের কাছ থেকে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে এনামুল হকের কাছ থেকে ২৫ পিস, সৌরভ মিয়ার কাছ থেকে ৬ পিস এবং আসাদুল মিয়ার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক এসব ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট উপপরিদর্শক থানায় ফিরে লিখিত এজাহার দাখিল করেন। পরে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান নিয়মিত মামলা রুজু করেন। গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।