আলীকদমে মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

মো. রাসেল, স্টাফ রিপোর্টার:

বান্দরবানের আলীকদম উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আটক তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। এলাকার সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করা, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো, মাদক নিয়ন্ত্রণ এবং যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইয়ের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মাদক সেবন ও পরিবহনের দায়ে তিনজনকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—চৈক্ষ্যং এলাকার মোজাম্মেল হকের ছেলে আরকানুল ইসলাম (৩১), ওয়াজেদ আলীর ছেলে মো. মামুন (২১) এবং মো. নবী হোসেনের ছেলে মো. ইসমাইল (২১)।

এ বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *