মো. আল আমিন:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় আওয়ামী লীগের ডাকা হরতালের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপির অস্থায়ী ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতা সামির হোসেনসহ ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এশিয়ান হাইওয়ে সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বস্তল এলাকায় সড়কের পাশে আওয়ামী লীগ নেতা রাসেল আহমেদ খোকন অবস্থান করছেন—এমন সন্দেহে বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের নজরে আসে। পরে তাঁরা ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের তল্লাশিতে জানা যায়, আওয়ামী লীগ নেতা রাসেল আহমেদ খোকন সেখানে ছিলেন না।
জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ গোলজার প্রধানের প্রতিনিধি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় যুবদল নেতা সামির হোসেনসহ ৫ থেকে ৬ জন মোটরসাইকেল নিয়ে গোলজার প্রধানের গাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। সন্দেহ হলে সামনে এগিয়ে গেলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপঙ্কর ঘোষ এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক ঘটনাস্থল পরিদর্শন করেন।