নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
রোববার (৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন ফরমের ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ সময় ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট। আর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৮ ও ১৯ অক্টোবর। এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফি জমা নেওয়া হবে।
ফরম পূরণ শেষে বিবরণী, আবেদন ফরম ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করতে হবে। ২০২৫ সালের পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে চার মাস পর্যন্ত এসব কাগজপত্র সংরক্ষণ করতে হবে। তবে এসব নথি আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন হবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকবে। এর আগে যেসব কলেজ পরীক্ষার ফি জমা দিতে পারেনি, তারাও বর্ধিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ পাবে।