অষ্টগ্রামে সাংবাদিকতার স্বাধীনতা, নিরপেক্ষতা ও সত্য প্রকাশের অবস্থান স্পষ্ট করলেন সাংবাদিক এ আর সুমন

বিশেষ প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সাংবাদিকতার স্বাধীনতা, নিরপেক্ষতা ও সত্য প্রকাশের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী এ আর সুমন। বর্তমানে তিনি দৈনিক স্বাধীন সংবাদ-এর বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। অষ্টগ্রামের বিভিন্ন ঘটনা, অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন বলে জানান এ আর সুমন। তিনি বলেন, প্রায় পাঁচ বছর ধরে আমি সাংবাদিকতা পেশায় নিয়োজিত। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নই এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত নই। আমার একমাত্র পরিচয়, আমি একজন সাংবাদিক।

এ আর সুমনের দাবি, অষ্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় বিভিন্ন সময়ে তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, কখনো মামলা ও হুমকি, কখনো হত্যার হুমকি এবং এমনকি প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনাও ঘটেছে। তিনি বলেন, এসব চাপের মূল কারণ হলো, তিনি কোনো পক্ষের হয়ে নয়, বরং সত্য ও জনস্বার্থের পক্ষে সংবাদ প্রকাশের চেষ্টা করেন। এ আর সুমন আরও বলেন, সাংবাদিকতা পেশায় আমি কখনো দালালি, মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট কিংবা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিনি। অষ্টগ্রামের মানুষ আমার দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনের মাধ্যমে বিষয়টি কমবেশি অবগত আছেন।

তিনি জানান, বিভিন্ন ব্যক্তি ও পক্ষ থেকে তাকে ফোন করে বিভিন্ন গ্রুপের কর্মকাণ্ড, বক্তব্য কিংবা একে অপরের বিরুদ্ধে অভিযোগের তথ্য জানানো হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, কে কী বলল, কোন গ্রুপ কী করল কিংবা কার বিরুদ্ধে কী অভিযোগ উঠল—এসব বিষয়ে আমাকে প্রভাবিত করার কোনো প্রয়োজন নেই। স্বাধীন সংবাদ কোনো পক্ষের হয়ে বা কারও বিপক্ষে সংবাদ প্রকাশ করবে কি না, সেটি কোনো ব্যক্তি বা গোষ্ঠী নির্ধারণ করবে না। তার বক্তব্য অনুযায়ী, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমের নিজস্ব নীতিমালা এবং সাংবাদিকতার পেশাগত দায়বদ্ধতাই প্রধান বিবেচ্য।

তিনি বলেন, সাংবাদিক মানে সমাজের জাগ্রত বিবেক। কিছু হলুদ সাংবাদিকতার কারণে আজ সাংবাদিকরা প্রশ্নবিদ্ধ হচ্ছেন। সাংবাদিকের কলম ও ক্যামেরা কারও কাছে মাথা নত করে না। তাই আসুন, সবাই সত্যের পক্ষে কথা বলি এবং মিথ্যাকে বর্জন করি। এ আর সুমনের ভাষ্য, সব সময় সত্য প্রকাশ করতে হবে, এমনকি সেই সংবাদ নিজের বিপক্ষেও গেলেও। তিনি বলেন, দৈনিক স্বাধীন সংবাদ যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশে আগ্রহী নয়; সত্যের সন্ধান করা, তথ্য যাচাই করা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যসহ বিষয়টি জনগণের সামনে তুলে ধরাই তাদের লক্ষ্য। এদিকে অষ্টগ্রামে বিল মাকসাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুটি পক্ষের সৃষ্টি, দলীয় কার্যালয় ভাঙচুর এবং বাজার লুটপাটের অভিযোগ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

তবে এসব ঘটনা ও অভিযোগের সব তথ্য এখনো সম্পূর্ণভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানান সাংবাদিক এ আর সুমন। তার মতে, ঘটনাকে ঘিরে বিভিন্ন বক্তব্য, আলোচনা ও গুঞ্জন থাকলেও প্রকৃত ঘটনা যাচাই না করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয়। তিনি বলেন, এমন কিছু বিষয় রয়েছে, যার প্রকৃত তথ্য সময়ের সঙ্গে সঙ্গে সামনে আসবে। যথাসময়ে তথ্য, প্রমাণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যসহ বিষয়গুলো জনসমক্ষে তুলে ধরা হবে। সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে এ আর সুমন বলেন, যেকোনো তথ্য নিজেরাও যাচাই করুন। সত্যতা নিশ্চিত না হয়ে কোনো বক্তব্য, গুজব কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা থেকে বিরত থাকা উচিত।

এ আর সুমনের দাবি, অতীতেও তার নাম এবং দৈনিক স্বাধীন সংবাদ-এর নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে জনসাধারণের মধ্যে আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার নাম ব্যবহার করে কোনো বক্তব্য প্রচার করা, অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে তাকে কোনো ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা করা কিংবা তার অবস্থান বিকৃতভাবে উপস্থাপন করা হলে এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সবকিছু সব সময় প্রকাশ্যে বলা হয় না। অনেক বিষয় সময়ের অপেক্ষায় থাকে। যথাসময়ে তথ্য, প্রমাণ ও প্রাসঙ্গিক বক্তব্যসহ প্রকৃত বিষয়গুলো জনসমক্ষে তুলে ধরা হবে। তখন কে কী বলেছিল এবং বাস্তবে কী ঘটেছিল, সেটিও পরিষ্কার হবে। সাংবাদিক এ আর সুমন তাকে অযথা ফোন করে চাপ সৃষ্টি, সংবাদ প্রকাশে প্রভাব বিস্তার কিংবা কোনো ধরনের নির্দেশনা দেওয়া থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আমি কখন, কী নিয়ে কথা বলব, কোন বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করব এবং কীভাবে সংবাদ প্রকাশ করব, সেটি সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বের আলোকে আমি নিজেই নির্ধারণ করব। সবশেষে তিনি বলেন, মনে রাখবেন, নীরবতা মানে অজ্ঞতা নয়, আর কলম থেমে থাকা মানে সবকিছু ভুলে যাওয়া নয়। সাংবাদিক এ আর সুমনের বক্তব্য অনুযায়ী, দৈনিক স্বাধীন সংবাদ গুজব বা পক্ষপাতের পরিবর্তে যাচাই করা তথ্য, সত্য অনুসন্ধান এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *