আইআইইউসির ফটকের সামনে বাসের ধাক্কায় প্রাণ গেল মাইশার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে বাসের ধাক্কায় মাইশা মুশফিরাত নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর দুই সহপাঠী গুরুতর আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে।

নিহত মাইশা মুশফিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ৮ নম্বরের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশার মৃত্যু হয়। আহত অপর দুই শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা জানান, দুর্ঘটনার শিকার তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে আসছিলেন। পথে ৮ নম্বরের লোকাল বাসের ধাক্কায় তাঁরা দুর্ঘটনার শিকার হন। আহত দুজনের অবস্থাও গুরুতর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *