সাগর হত্যাকাণ্ডের বিচার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদলী গ্রামের দরিদ্র দিনমজুর সাগর (৩৩) হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, মামলা গ্রহণ, জড়িতদের গ্রেফতার, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে পুনরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) মানবাধিকার সংগঠন ভার্ড বাংলাদেশ এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে। এর আগে গত ২০ মে একই স্থানে সংগঠনটির উদ্যোগে সাগর হত্যাকাণ্ডের বিচার ও পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্ববর্তী কর্মসূচির পরও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং বিচার দাবির কারণে নিহত সাগরের পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং গণমাধ্যম, মানবাধিকার সংগঠন বা অন্য কারও সঙ্গে কথা বললে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে পরিবারটির পক্ষ থেকে অভিযোগ উঠেছে।

বক্তারা জানান, ২০২৪ সালের ৯ ডিসেম্বর সাগরকে জোরপূর্বক তুলে নিয়ে নির্মম নির্যাতন চালানো হয় বলে পরিবারের অভিযোগ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রাখা হলে চিকিৎসাধীন অবস্থায় ১১ ডিসেম্বর তার মৃত্যু হয়। পরিবারের দাবি, ঘটনার পর মামলা না করার জন্য তাদের ভয়ভীতি দেখানো হয় এবং চিকিৎসা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্রও ছিনিয়ে নেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার প্রায় ১৮ মাস পার হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর মামলা বা বিচারিক অগ্রগতি দৃশ্যমান হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, যশোরের শার্শা-বেনাপোল সীমান্ত এলাকায় সোনা চোরাচালান, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন, নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ ওরফে ‘গোল্ড শহিদ’-এর নাম উঠে আসায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা বলেন, সাগর হত্যাকাণ্ড ও সংশ্লিষ্ট অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি বিষয়টি তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। কিন্তু নির্দেশনার ২২ দিন পার হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি এবং তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতিও জানানো হয়নি।

ভার্ড বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান এম. এস. এ. রেজা বলেন, “একজন অসহায় দিনমজুরের মৃত্যুর প্রায় ১৮ মাস পরও বিচারিক প্রক্রিয়া কার্যকরভাবে এগিয়ে না যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। আরও দুঃখজনক বিষয় হলো, বিচার দাবি করায় নিহতের পরিবারকে হুমকির মুখে পড়তে হচ্ছে। আমরা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, মামলা গ্রহণ, জড়িতদের গ্রেফতার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মাহাবুব আলম আব্বাসী বলেন, “সাগর হত্যাকাণ্ডের মতো একটি নৃশংস ঘটনার বিচার দীর্ঘদিন ঝুলে থাকা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তাহীনতায় ভোগা মানবাধিকার ও আইনের শাসনের জন্য উদ্বেগজনক। দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি।”

মহাসচিব শহিদুল ইসলাম বলেন, “যে পরিবার ন্যায়বিচার চাইতে গিয়ে হুমকির মুখে পড়ে, সেই রাষ্ট্রে আইনের শাসন নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। প্রশাসনের উচিত দ্রুত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা।”

মানববন্ধনে বিভিন্ন মানবাধিকার সংগঠন, সাংবাদিক প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা সংহতি প্রকাশ করেন।

কর্মসূচি থেকে সাগর হত্যাকাণ্ডের মামলা গ্রহণ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার, ভুক্তভোগী পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, যুবদলের তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং সীমান্ত এলাকায় সক্রিয় অপরাধী সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানানো হয়।

এছাড়া, ভার্ড বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং খুলনা রেঞ্জের ডিআইজি বরাবর লিখিত আবেদন দেওয়া হয়েছে বলে জানানো হয়।

মানববন্ধন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-এর প্রতি আহ্বান জানানো হয়, অভিযোগের সুষ্ঠু তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং তদন্তের ফলাফল জনসম্মুখে প্রকাশের জন্য।

বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত না হলে সাধারণ মানুষের ন্যায়বিচারের প্রতি আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত রাষ্ট্রীয় হস্তক্ষেপের মাধ্যমে সাগর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *