আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক:

আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে পারলে বাংলাদেশ এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্মিলিতভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর সমাপনী দিনের এক কর্মঅধিবেশনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, প্রতিটি দেশের সঙ্গে সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ, কানেক্টিভিটি, প্রযুক্তি ও সামুদ্রিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তাদের জন্য আন্তর্জাতিক অর্থায়ন অব্যাহত রাখার পাশাপাশি নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বৈশ্বিক ও আঞ্চলিক অংশীজনদের সঙ্গে কাজ করতে হবে।

প্রযুক্তিগত পরিবর্তনের প্রসঙ্গে মাহদী আমিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও চতুর্থ শিল্পবিপ্লবের কারণে কিছু কর্মসংস্থান বিলুপ্ত হতে পারে। তবে প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও শিক্ষাক্রম আধুনিকায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।

জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তিনি জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন, পদ্মা ব্যারাজ এবং তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ সোমবার শেষ হয়। ভূরাজনীতি, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু ও সুশাসনসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *