অনলাইন ডেস্ক:
জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষস্থানীয় নেতাকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নতুন কমিটিতে সালমান হোসেনকে সভাপতি, হাসিবুল হাসানকে সাধারণ সম্পাদক এবং মুস্তাইন বিল্লাহ হাবিবীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতাকে নিয়ে গঠন করা হয়েছে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ। এতে রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।