মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অভিযানে খাল থেকে একটি লুণ্ঠিত শটগান উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে একটি দল ব্রাহ্মণ্দী ইউনিয়নের কলাগাছিয়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ব্রিজের প্রায় ৩০ ফুট পশ্চিমে খালের উত্তর পাশের পানির ভেতর থেকে একটি শটগান উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটির বাট নম্বর ৪৭৩।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে একদল দুষ্কৃতিকারী লুট করে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে অভিযান ও অনুসন্ধানের পর অবশেষে অস্ত্রটির অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে তা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খালের পানির ভেতর থেকে শটগানটি উদ্ধার করেন। তিনি বলেন, “লুট হওয়া অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”
পুলিশ আরও জানায়, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে। এলাকাবাসী পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।