ধর্ম ডেস্ক:
যুবসমাজকে সঠিক ও আদর্শভাবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়েছেন মদিনার মসজিদে নববীর ইমাম শায়খ আলী আল-হুযাইফি।
শুক্রবার জুমার খুতবায় তিনি বলেন, আত্মশুদ্ধি ও সমাজের অগ্রগতিতে জ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সৎকর্ম ও ইতিবাচক আদর্শের মাধ্যমে সন্তানদের গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
শিশুদের ছোটবেলা থেকেই মৌলিক ধর্মীয় জ্ঞানের ভিত্তি মজবুত করার ওপর গুরুত্ব দেন শায়খ হুযাইফি। তিনি নামাজ ও উত্তম চরিত্রকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেন, এসব গুণ শিশুদের নৈতিকভাবে শক্ত ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে সমাজের গঠনমূলক সদস্য হয়ে অন্যদের উপকারে আসতে পারবে।
যুবসমাজকে চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, শিল্প, অর্থনীতিসহ জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি। পাশাপাশি জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে এমন একটি প্রজন্ম গড়ে তোলার ওপর জোর দেন, যারা দেশ ও জাতির সেবা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
শায়খ আলী আল-হুযাইফির মতে, সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শুধু পরিবারের নয়; শিক্ষকদেরও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি নৈতিক, জ্ঞানভিত্তিক ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।