স্পোর্টস ডেস্ক ::
ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব না থাকলেও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ঘিরে এ দেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনার কোনো কমতি নেই। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে সমর্থকদের আবেগ বিশ্বজুড়েই আলোচনার বিষয়। অনেকের মতে, আর্জেন্টিনার বাইরে দেশটির সবচেয়ে বেশি সমর্থক রয়েছে বাংলাদেশেই।
ডিজিটাল যুগের কল্যাণে বাংলাদেশি সমর্থকদের এই উন্মাদনার খবর এখন আর্জেন্টিনা দলও ভালোভাবেই জানে। এর আগে কাতার বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের সমর্থকদের নিয়ে প্রশংসা করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এবার সেই তালিকায় যোগ দিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকেই নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিক্সড জোনে বাংলাদেশের সমর্থকদের প্রসঙ্গ উঠতেই উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান মার্টিনেজ।
বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকে আমি ভালোবাসি। আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।”
মার্টিনেজের এই মন্তব্য মুহূর্তেই বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার স্বীকৃতি হিসেবে দেখছেন অনেকেই।
উল্লেখ্য, ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের এক বছর পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। সেই সফরে লাখো ভক্তের উচ্ছ্বাস, ভালোবাসা ও অভ্যর্থনা তাকে মুগ্ধ করেছিল। এবার আবারও সেই স্মৃতি মনে করে বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করলেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।