আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ বাড়ানোর আহ্বান স্পিকারের

নিজস্ব প্রতিবেদক:

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মাছ চাষ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের লেকে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে মৎস্য চাষ সম্প্রসারণের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকেও পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর মৎস্য উৎপাদন এবং আহরণের জন্য গুরুত্বপূর্ণ। সংসদ ভবনের লেকে মাছ চাষের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষকে মৎস্যসম্পদ উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন। দেশজুড়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ‘মাছে-ভাতে বাঙালি’ ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে।

সংসদ ভবন লেকে মোট ১ হাজার ২০০ কেজি পোনামাছ অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে সোমবার ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ প্রজাতির পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *