মো. রাসেল:
বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১৪ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ত্রাণসামগ্রী তুলে দেন বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা।
আলীকদম উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার। এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা বলেন, “দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটে বিএনপি সবসময় সাধারণ ও মেহনতি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আজ বান্দরবানের আলীকদমে বন্যাদুর্গত অসহায় পরিবারগুলোর কাছে এই মানবিক সহায়তা নিয়ে পৌঁছেছি। এই অঞ্চলের একটি মানুষও যেন না খেয়ে বা কষ্টে দিন না কাটায়, সে জন্য আমাদের এই প্রচেষ্টা। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুঃখ-দুর্দশায় পাশে থাকার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বক্তব্য শেষে নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের হাতে চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন।