আশুলিয়ায় ভেজাল তেল কারখানায় অভিযান তিন ব্র্যান্ডের সয়াবিন সিলগালা

মো. সাইদুল ইসলাম:

ঢাকার আশুলিয়ায় পাম তেলকে সয়াবিন তেল হিসেবে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি তেল প্রক্রিয়াজাতকরণ কারখানা সিলগালা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স দেখাতে না পারায় বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

বিকেল ৪টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত আশুলিয়া থানাধীন নতুন বাজারের বসুন্ধরা এলাকায় ‘হোসেন ব্রাদার্স’ নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে পাম অলিন তেলকে সয়াবিন তেল হিসেবে বোতলজাত করে আসছিল বলে অভিযোগ রয়েছে। বোতলে ‘তৃপ্তি সয়াবিন’, ‘প্রিমো সয়াবিন’ ও ‘রুপালি ফিস সয়াবিন’—এই তিনটি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে পণ্যগুলো বাজারে সরবরাহ করা হচ্ছিল।

অভিযান চলাকালে সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান প্রতিষ্ঠানের মালিকপক্ষের কাছে সয়াবিন তেল উৎপাদন, মোড়কজাতকরণ ও বাজারজাতকরণের জন্য বিএসটিআইয়ের অনুমোদন দেখতে চান। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখানো সম্ভব হয়নি।

এ ছাড়া কারখানাটিতে ভোজ্যতেল বোতলজাতের পরিবেশ অস্বাস্থ্যকর ছিল এবং অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না বলে অভিযান সূত্রে জানানো হয়। এসব অনিয়মের কারণে জনস্বার্থে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *