কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার

খসরু মৃধা:

গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক সামগ্রীর দোকানে ডাকাতির ঘটনায় প্রায় ৬ লাখ টাকার মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলাম।

তিনি জানান, গত ১৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী মোড় এলাকায় ‘সুবাহান এন্টারপ্রাইজ’ নামের একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ৫ থেকে ৬ জনের একটি দল দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে নগদ অর্থসহ প্রায় ৪৫ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল ট্রাকে করে নিয়ে যায় তারা।

এ ঘটনায় দোকানটির মালিক সালাউদ্দিন আকন্দ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি ১৪ অক্টোবর দায়ের করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ডাকাতির মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে ২৭ অক্টোবর রাতে তাঁর নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকার ডিএমপির বাড্ডা থানার বড় বেড়াইদ এলাকায় অভিযান চালায়। এ সময় আলতাব হোসেনের ছেলে রমজান এবং ঝালকাঠি সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-২০-১১৫৯ নম্বরের একটি ট্রাক ও ঢাকা মেট্রো-ন-১৯-৮৩২৬ নম্বরের একটি পিকআপ জব্দ করা হয়। এ ছাড়া প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তার দুইজনকে বুধবার বিকেলে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *