আব্দুল আজিজ-আল মাক্কী:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলার তিনটি ইউনিয়ন—বাজালিয়া, পুরানগড় ও ধর্মপুরের সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ সদস্য (মেম্বার) এবং সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা প্রার্থী যাচাই-বাছাই কমিটির উদ্যোগে বাজালিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে তিনটি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা অংশ নেন। সভাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নির্বাচনী আমেজ দেখা যায়। দুপুরের পর বিভিন্ন ইউনিয়ন থেকে সম্ভাব্য প্রার্থীরা ঢোল-ঢাক বাজিয়ে ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। তাঁদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ উদ্দিন (রাশেদ খান) সভাটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য রাজিব জাফর চৌধুরী ও মো. দেলোয়ার।
বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সৎ, যোগ্য ও জনপ্রিয় প্রার্থী নির্বাচন করা জরুরি। এ ক্ষেত্রে প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা এবং সাধারণ মানুষের কাছে তাঁদের গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে।
তাঁরা আরও বলেন, দলীয় কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় উপস্থিত নেতারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্ধারণের প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এহসানুল মৌলা এবং উত্তর সাতকানিয়া বিএনপির সংগঠক আবুল হোসেন। এ ছাড়া বাজালিয়া, পুরানগড় ও ধর্মপুর ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।
আলোচনা সভা শেষে বাজালিয়া, পুরানগড় ও ধর্মপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীরা প্রার্থী যাচাই-বাছাই কমিটির কাছে তাঁদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্তসংবলিত ফরম জমা দেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ ও মতবিনিময়ের এ উদ্যোগকে দলীয় প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।