আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, তিনজন আটক

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে পুলিশ। একপর্যায়ে পুলিশের কাছ থেকে আটক এক অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে অভিযানকারী পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন হাজরাকাটি গ্রামের মৃত আপু বিশ্বাসের ছেলে মো. ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস ও মোসলেম খাঁর ছেলে রাশেদ খাঁ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২ নম্বর খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য সোহেল শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করে আসছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এর আগে একাধিক মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গেছে।

এর জেরে শনিবার (৩ অক্টোবর) রাতে হাজরাকাটি বাজারের একটি চায়ের দোকানের সামনে সোহেল শেখের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। সোহেলের অভিযোগ, বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস ও হযরত সরদারসহ কয়েকজন তাকে লাঠি দিয়ে মারধর করে আহত করেন এবং হত্যার হুমকি দেন। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় নিজের নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে সোহেল শেখ তালা থানায় লিখিত অভিযোগের পাশাপাশি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগ ও জিডির ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে তালা থানা পুলিশের একটি দল হাজরাকাটি গ্রামে অভিযুক্তদের গ্রেফতার করতে যায়। এ সময় পুলিশ হযরত নামে এক ব্যক্তিকে আটক করলে স্থানীয় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ। একপর্যায়ে আটক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং অভিযানকারী পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়।

স্থানীয় সূত্রের অভিযোগ, এ সময় মাদক কারবারিদের পক্ষে নূর ইসলাম বিশ্বাস নুরু নেতৃত্ব দেন। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সদস্যদের অবরুদ্ধ করার খবর পেয়ে তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে অভিযান চালিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ফারুক বিশ্বাস, রফিকুল বিশ্বাস ও রাশেদ খাঁকে আটক করা হয়।

তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা অভিযোগ ও জিডির ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে যায়। এ সময় পুলিশের কাজে বাধা দিয়ে একটি দল সংঘবদ্ধভাবে পুলিশের ওপর চড়াও হয় এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি কাজে বাধা দেওয়া এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *