স্বাধীন সংবাদ বিনোদন:
কবি জীবনানন্দ দাশের অমর কবিতা ‘বনলতা সেন’ এবার রূপালি পর্দায় জীবন্ত হয়ে উঠেছে। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় নির্মিত একই নামের চলচ্চিত্রটি ঈদে মুক্তির পর থেকেই দর্শকমহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। রূপসী বাংলার এই কবিতাকে ভিত্তি করে নির্মিত সিনেমাটিতে গল্পের নতুন এক দৃশ্যভাষ্য তুলে ধরেছেন নির্মাতা।
মুক্তির পর থেকেই ‘বনলতা সেন’ দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। একই সঙ্গে বিনোদন অঙ্গনের অনেক তারকাও ছবিটির প্রশংসায় মুখর হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সময়ের আলোচিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
তিনি সামাজিক মাধ্যমে জানান, সব গান যেমন সবার জন্য নয়, তেমনি সব সিনেমাও সবার জন্য নয়। তাঁর মতে, ‘বনলতা সেন’ অনেকের ভালো লাগবে, আবার অনেকের নাও লাগতে পারে—তবে ইতিহাসের পাতায় জায়গা করে নেবে এই চলচ্চিত্র।
সিনেমাটি দেখার পর অর্চিতা স্পর্শিয়া একটি পোস্ট দেন, যেখানে নাম ভূমিকায় অভিনয় করা নাবিলাকে প্রশংসায় ভাসান তিনি। স্পর্শিয়া লেখেন, পরিচালক এবং দর্শকের কল্পনা ও কৌতূহলের ‘বনলতা’র সঙ্গে নাবিলা পুরোপুরি মানিয়ে গেছেন। তিনি তাকে “হোয়াট আ ক্লাসিক বিউটি” বলেও উল্লেখ করেন।
পোস্টে জীবনানন্দ দাশের আরেকটি বিখ্যাত কবিতার পঙ্ক্তি উদ্ধৃত করে অভিনেতা সোহেল মণ্ডলের অভিনয়েরও প্রশংসা করেন স্পর্শিয়া। তিনি বলেন, সোহেল মণ্ডল বাংলাদেশের সম্পদ, বিশেষ করে শেষ দিকের দৃশ্যগুলোতে তাঁর অভিনয় গভীর ছাপ রেখে গেছে।
সিনেমার পুরো টিমের প্রতি ভালোবাসা প্রকাশ করে স্পর্শিয়া বলেন, তিনি একজন দর্শক হিসেবেই নিজের অনুভূতি জানিয়েছেন, কোনো সমালোচকের দৃষ্টিতে নয়।
জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করা খায়রুল বাসার প্রসঙ্গে তিনি বলেন, এই যুগে জীবনানন্দ দাশকে ধারণ করে পর্দায় উপস্থাপন করা সহজ কাজ নয়, আর সেই কাজটি তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছেন। তাঁর কণ্ঠ, চোখের অভিব্যক্তি, ঠোঁটের কোণের সংযত হাসি এবং আন্তরিকতা—সব মিলিয়ে তিনি একজন শক্তিশালী পারফর্মার।
উল্লেখ্য, ‘বনলতা সেন’ সিনেমাটিতে খায়রুল বাসার ছাড়াও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল, মাইমুনা মম, প্রিয়ন্তী উর্বী, গাজী রাকায়েতসহ অনেকে।