স্পোর্টস ডেস্ক:
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে লামিন ইয়ামালকে নিয়ে কিছুটা অস্বস্তিতে রয়েছে বার্সেলোনা। ম্যাচের আগের শেষ অনুশীলনে দলের সঙ্গে ছিলেন না এই স্প্যানিশ তরুণ তারকা। তবে তিনি দলের সঙ্গে ভ্যালেন্সিয়ায় যাবেন বলে জানিয়েছেন কোচ হানসি ফ্লিক।স্পোর্ত পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনার শেষ অনুশীলনে ২৩ জন খেলোয়াড় অংশ নেন। তাদের মধ্যে ছিলেন গাভি, গ্যাব্রিয়েল জেসুস ও দমিনিক লিভাকোভিচ। তবে ইয়ামাল দলের সঙ্গে অনুশীলন না করে আলাদাভাবে অনুশীলন করেন।সম্প্রতি চোট পেয়েছিলেন ইয়ামাল। সে কারণেই তাকে সতর্কতার সঙ্গে আলাদাভাবে অনুশীলন করানো হয়েছে বলে জানিয়েছেন ফ্লিক। তবে ম্যাচে তিনি খেলবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।ফ্লিক বলেন, ‘সে ম্যাচ খেলতে চায়, একা অনুশীলন করা তারও পছন্দ নয়।’ কোচ আরও জানান, খেলার মান, মানসিকতা ও মনোবলের দিক থেকে ইয়ামাল ভালো অবস্থায় আছেন। সর্বশেষ ম্যাচে তার পারফরম্যান্সেরও প্রশংসা করেন তিনি।ফ্লিকের মতে, অনুশীলনের চেয়ে ম্যাচ খেলাই ইয়ামালের জন্য বেশি উপকারী হতে পারে। তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাকে শুরুর একাদশে রাখা হবে, নাকি বিশ্রাম দেওয়া হবে—সেটি ম্যাচের আগে চূড়ান্ত করা হবে।এদিকে, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ব্যস্ত এক সপ্তাহের সামনে বার্সেলোনা। তাই ইয়ামালের ফিটনেস নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছেন না ফ্লিক।