ইরানে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কোনো কারণেই ইরান ভ্রমণ না করার জন্যও নাগরিকদের সতর্ক করেছে দেশটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় এ পরামর্শ দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান-সমর্থিত হুথিদের হামলা ও আঞ্চলিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। পরিস্থিতির আরও অবনতি হলে বিমান চলাচল বাতিল, আকাশসীমা বন্ধ এবং অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এ সতর্কবার্তা দেওয়া হলো। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক উত্তেজনা আরও বেড়েছে।

এর আগে ইরানকে কঠোরভাবে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানকে নিয়ে কঠোর পদক্ষেপের কথা বলেন। একই সময়ে ক্যাম্প ডেভিড থেকে নির্ধারিত সময়ের আগেই হোয়াইট হাউজে ফিরে এসে ইরান নিয়ে ‘বড় কিছু’ ঘটতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

অন্যদিকে, সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতির কথা জানিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সম্ভাব্য যৌথ সামরিক পদক্ষেপের বিষয়ে তারা গোয়েন্দা তথ্য পেয়েছে।

হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, স্বার্থ ও মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুমকিও দিয়েছে ইরান।

এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং হরমুজ প্রণালি নিয়ে বিরোধের কারণে আঞ্চলিক উত্তেজনা আরও জটিল হয়ে উঠেছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে কমেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *