আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ ইরানের লারাক দ্বীপে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাইয়ের শেষের পর ইরানে এটিই প্রথম মার্কিন হামলা বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। হামলার ঘটনায় কয়েকজন ইরানি সেনা নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে এ হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
রোববার (৩০ আগস্ট) হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপে এ হামলার ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল ইরান। এ সময় মাইন বহনকারী রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত থাকা একটি উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়।
হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা জানিয়েছে, মার্কিন হামলায় তাদের কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছেন।
এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আইআরজিসি হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে এবং ‘আগ্রাসীকে শাস্তি দেওয়া হবে’।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় লারাক দ্বীপে এ হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।