ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় দুই দফা ডাকাতির ঘটনায় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল, দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তল উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদগাঁও থানা পুলিশ জানায়, ডাকাতির খবর পাওয়ার পরপরই হিমছড়ি ঢালাসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান শুরু করা হয়।
পুলিশের দীর্ঘ অভিযানে পাহাড়ি এলাকার একটি বাড়ি থেকে লুণ্ঠিত মালামাল, দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, নারীদের ব্যবহৃত ব্যাগ ও অলংকার উদ্ধার করা হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৬টা এবং দুপুর আড়াইটার দিকে হিমছড়ি ঢালায় পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল সিএনজিচালিত অটোরিকশা, জিপ ও মোটরসাইকেলের যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা, অলংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
পরপর দুই দফা ডাকাতির ঘটনায় ঈদগাঁও-ঈদগড় সড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।