এক ডলারে ২২ লাখ রিয়াল, ধসে পড়ছে ইরানের মুদ্রা; কুয়েতে ফের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালের মানে রেকর্ড দরপতন হয়েছে। দেশটির মুদ্রাবাজারে এখন যুক্তরাষ্ট্রের এক ডলারের বিপরীতে মিলছে প্রায় ২২ লাখ ইরানি রিয়াল। একই সময়ে উপসাগরীয় দেশ কুয়েতে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে সংঘর্ষ শুরুর পর ফ্রি মার্কেটের তথ্য পর্যবেক্ষণকারী দুটি ওয়েবসাইটে এক ডলারের বিপরীতে ২২ লাখ রিয়ালের বিনিময় হার দেখা গেছে।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইরানি রিয়ালের মূল্য প্রায় ১০ শতাংশ কমেছে। এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু এবং পরবর্তী সময়ে ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের মুদ্রার মূল্য প্রায় অর্ধেকে নেমে যায়।

কুয়েতে ফের ইরানের ড্রোন-মিসাইল হামলা

এদিকে কুয়েতে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে কুয়েতি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। প্রতিহত করার সময় বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে উল্লেখ করে নাগরিকদের আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান। ওই সময় কুয়েত, জর্ডান ও ইরাকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

তবে বুধবার রাতে ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো মার্কিন হামলার তথ্য পাওয়া যায়নি। এর মধ্যেই বৃহস্পতিবার কুয়েতে আবারও হামলা চালাল তেহরান।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *