জেলা প্রতিনিধি:
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আইনের যথার্থ কথাই বলেছেন। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত কোনো বাধা নেই। যতক্ষণ পর্যন্ত আইনি প্রক্রিয়ার সমাধান না হবে, ততক্ষণ তাঁরা আগের মতোই থাকবেন। আইন আগের মতোই আছে। সুতরাং তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন।
অন্য এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, “আমাদের ব্যাপারে আপনারা আশা রাখতে পারেন, আস্থা রাখতে পারেন। ইতিবাচক পরিবর্তন হবে।”
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।