দুই বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ, চোরাচালানে অভিনব কৌশল

বিশেষ প্রতিনিধি:

ফ্রাইপ্যান ও সবজি কাটার গ্রেটারের ভেতরে লুকানো স্বর্ণবার এবং যাত্রীদের শরীরের অভ্যন্তরে রাখা স্বর্ণপেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ ও স্বর্ণপেস্ট জব্দ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, ১৮ অক্টোবর সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতর থেকে ৪৬৬ গ্রাম স্বর্ণবার উদ্ধার করা হয়। এর সঙ্গে ঘোষিত ১০০ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। শুল্ক-করসহ এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৯৮ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, কামরুল ইসলাম নামে এক যাত্রী ১০০ গ্রাম স্বর্ণালংকার বহনের ঘোষণা দিয়েছিলেন। তবে অতিরিক্ত স্বর্ণ থাকার বিষয়টি তিনি অস্বীকার করেন। পরে অন্যান্য সংস্থার উপস্থিতিতে তাঁর ব্যাগেজ তল্লাশি করে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো চারটি খণ্ডিত স্বর্ণবার উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রী মোহাম্মদ সোলাইমান ও জোবায়েদ আহমদের শরীরের অভ্যন্তরে লুকানো ছয়টি ডিম্বাকৃতির স্বর্ণপেস্টের বস্তু উদ্ধার করা হয়। তাঁদের প্রত্যেকের কাছ থেকে তিনটি করে বস্তু পাওয়া যায়।

উদ্ধার করা ছয়টি বস্তুর মোট প্রাথমিক ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। তবে পরীক্ষার মাধ্যমে এসব বস্তুর মধ্যে থাকা বিশুদ্ধ স্বর্ণের পরিমাণ ও প্রকৃত মূল্য নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, একই দিনে দুই বিমানবন্দরে পরিচালিত পৃথক অভিযানে স্বর্ণ চোরাচালানের দুটি ভিন্ন কৌশল শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *