এমবাপ্পের প্রেমের গুঞ্জনে আলোচনায় স্প্যানিশ অভিনেত্রী এস্তার এক্সপোসিতো, কে তিনি?

বিনোদন ডেস্ক :

চলমান বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচিত নাম ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তবে মাঠের সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বিশেষ করে চলতি বছরের শুরু থেকে স্প্যানিশ অভিনেত্রী এস্তার এক্সপোসিতোর সঙ্গে তার প্রেমের গুঞ্জন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

গত এপ্রিলে একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা যায় এমবাপ্পে ও এস্তারকে। বিভিন্ন অনুষ্ঠানে এবং ব্যক্তিগত মুহূর্তে তাদের উপস্থিতি ক্যামেরাবন্দি হওয়ার পর থেকেই সম্পর্ক নিয়ে জল্পনা আরও তীব্র হয়। যদিও দুজনের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

তবে এমবাপ্পের সঙ্গে প্রেমের গুঞ্জনের অনেক আগেই আন্তর্জাতিক বিনোদন জগতে নিজের অবস্থান তৈরি করেছেন ২৬ বছর বয়সী এস্তার এক্সপোসিতো। ২০১৮ সালে নেটফ্লিক্সের বিশ্বজুড়ে জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘এলিট’-এ ‘কার্লা রোসন কালেরুয়েগা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। টানা দুই বছর সিরিজটিতে অভিনয় করার পর ২০২১ সালে ‘এলিট: শর্ট স্টোরিজ’-এও একই চরিত্রে দর্শকদের সামনে হাজির হন।

এরপর ২০২০ সালে নেটফ্লিক্সের মৌলিক প্রযোজনা ‘সামওয়ান হ্যাজ টু ডাই’-এ অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। ২০২৪ সালে অ্যাপল টিভির অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিরিজ ‘বান্দিদোস’-এ ‘লিলি’ চরিত্রে অভিনয় করেও দর্শকদের নজর কাড়েন এই স্প্যানিশ অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও মডেলিং জগতেও সমান সফল এস্তার। বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ওয়াইএসএল বিউটি (YSL Beauty) এবং ডলচে অ্যান্ড গাবানা (Dolce & Gabbana)-র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বার্সেলোনাভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড দেসিগুয়াল (Desigual)-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা ঈর্ষণীয়। শুধু ইনস্টাগ্রামেই তার অনুসারীর সংখ্যা ২ কোটি ৪০ লাখের বেশি, যেখানে নিয়মিত নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন তিনি।

এদিকে এমবাপ্পে ও এস্তার এখনও তাদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও সামাজিক মাধ্যমে একে অপরের পোস্টে প্রতিক্রিয়া জানানো ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি এস্তারের একটি ইনস্টাগ্রাম পোস্টে এমবাপ্পে হার্ট ইমোজি দিয়ে মন্তব্য করলে সেটি দ্রুত ভাইরাল হয়। ওই মন্তব্যে ১৭ হাজারেরও বেশি লাইক পড়ে, যা তাদের সম্পর্কের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।

তবে এখন পর্যন্ত এমবাপ্পে কিংবা এস্তার এক্সপোসিতোর কেউই তাদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। ফলে বিষয়টি এখনও জল্পনা-কল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *