কামরুল ইসলাম:
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলার ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) সিএমপির কোতোয়ালী থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) আফতাবের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন— মো. ফারুকুজ্জামান মুমিন (৪০), মো. জুয়েল রানা (৩৪), তানভীর হোসেন শারফিন (২৭), মো. সোহেল রানা (২৩) ও মো. বেলাল হোসেন (২১)।
পুলিশ জানায়, সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (বাকলিয়া জোন)-এর তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই মো. সোহেল আহমদসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
এ ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের করা মামলা নম্বর–৭৫, তারিখ ৩০ এপ্রিল ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা চট্টগ্রামের ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজউদ্দিন বাজারে আগত ব্যবসায়ী ও পথচারীদের জিম্মি করে ডাকাতির পরিকল্পনা করছিল।
এ উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ তারা ঘটনাস্থলে জড়ো হয়েছিল বলেও পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানান ওসি আফতাব।