কক্সবাজার থেকে সাতক্ষীরায় প্রথমবার হ্যাচারি উৎপাদিত কাঁকড়ার পোনা প্রেরণ

মোহাম্মদ হোসেন সুমন:

দেশের কাঁকড়া খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে প্রথমবারের মতো কক্সবাজার থেকে সাতক্ষীরায় হ্যাচারি উৎপাদিত কাঁকড়ার পোনা পাঠানো হয়েছে। গত ২৭ এপ্রিল ২০২৬ কক্সবাজারের খুরুশকুলে অবস্থিত কোস্ট ফাউন্ডেশন কাঁকড়া হ্যাচারি থেকে উৎপাদিত ৫ হাজার ২০০টি কাঁকড়ার পোনা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চারজন নার্সারি চাষীর মাঝে বিতরণ করা হয়।

কোস্ট ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ২০২৩ সালে বাকখালী মোহনার ম্যানগ্রোভ জলাভূমি সংলগ্ন খুরুশকুল এলাকায় প্রতিষ্ঠিত হয় “কোস্ট ফাউন্ডেশন কাঁকড়া হ্যাচারি”। স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা ও উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্য নিয়ে এ হ্যাচারির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে চিংড়ির পিএল আহরণের সময় অনিচ্ছাকৃতভাবে কাঁকড়ার পোনা বা মেগালোপা আহরণ হওয়ায় প্রাকৃতিক উৎসে কাঁকড়ার পোনার প্রাপ্যতা কমে যাচ্ছিল। একই সময়ে কক্সবাজার অঞ্চলে সফট-শেল ও ফ্যাটেনিং পদ্ধতিতে কাঁকড়া চাষ জনপ্রিয় হয়ে ওঠায় প্রাকৃতিক পরিবেশ থেকে কিশোর কাঁকড়া সংগ্রহও বৃদ্ধি পায়। এতে উপকূলীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

এই প্রেক্ষাপটে টেকসই উৎস থেকে কাঁকড়ার পোনা উৎপাদন, স্থানীয় পর্যায়ে নার্সারি চাষী তৈরি এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টি—এই লক্ষ্য সামনে রেখে হ্যাচারিটি পরিচালিত হচ্ছে।

হ্যাচারিটির অন্যতম বিশেষ দিক হচ্ছে, এর উৎপাদন মডেল অনুসরণ করে স্বল্প পুঁজিতে যে কোনো আগ্রহী উদ্যোক্তা ছোট পরিসরে কাঁকড়ার পোনা উৎপাদন করতে পারবেন। বর্তমানে উৎপাদিত পোনা দিয়ে স্থানীয় চাষীদের আংশিক চাহিদা পূরণ করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে পার্শ্ববর্তী ম্যানগ্রোভ জলাভূমিতে রিস্টকিং কার্যক্রমের মাধ্যমে উৎপাদিত পোনার একটি অংশ অবমুক্ত করে জীববৈচিত্র্য পুনরুদ্ধারের পরিকল্পনাও রয়েছে।

বর্তমানে হ্যাচারিটির উৎপাদন কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে পিকেএসএফ-এর আরএইচএল (RHL) প্রকল্প। এছাড়াও পিকেএসএফ-আরএইচএল প্রকল্পের অর্থায়ন ও কারিগরি সহায়তায় নিরিবিলি ও হারুন কাঁকড়া হ্যাচারিতেও পোনা উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে, যা বাস্তবায়ন করছে কোস্ট ফাউন্ডেশন।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ দেশের কাঁকড়া খাতে টেকসই উৎপাদন নিশ্চিত করা, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং ম্যানগ্রোভ জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *