মোহাম্মদ হোসেন সুমন:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবৈধ অস্ত্রের বিস্তার এবং সহিংস ঘটনার আশঙ্কা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধির একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এই বিষয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে, যা ইতোমধ্যে জনমনে আলোচনার সৃষ্টি করেছে।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে উল্লেখ করেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটছে। তিনি আশঙ্কা প্রকাশ করে প্রশ্ন তুলেছেন—এই অবৈধ অস্ত্রের ঝুঁকি থেকে সাধারণ মানুষ কতটা নিরাপদ?
স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্প ও আশপাশের এলাকায় মাঝে মাঝে আধিপত্য বিস্তার, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাধারণ রোহিঙ্গা শরণার্থীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন বলে মনে করছেন অনেকে।
উখিয়া উন্নয়ন ফোরামের সভাপতি আবুল কাশেম, ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে অবৈধ অস্ত্র উদ্ধারে জোরদার অভিযান, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্প এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, স্থানীয় জনগণ ও সচেতন মহল দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ক্যাম্প ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবি জানিয়েছেন।