কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে সদর মডেল থানা পুলিশ। ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার কোচে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসের এক হেল্পারকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন সেন্টমার্টিন ট্রাভেলস কাউন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচ থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসটির স্লিপিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার চালানটি রাজধানীতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় বাসের হেল্পার মো. শেখ রাতুল (২৩)-কে আটক করা হয়েছে। তবে বাসচালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
পুলিশ জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত বিলাসবহুল স্লিপার কোচটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় জেলার সর্বত্র বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে পুলিশ।